এখন আর সংলাপের কোনো সুযোগ নেই: ওবায়দুল কাদের
এখন আর সংলাপের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (১৫ নভেম্বর) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস সচিবালয়ে ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, পিটার হাস চিঠি দিতে এসেছেন। শুনেছি আরও দুই রাজনৈতিক দলের কাছেও চিঠি দিয়েছেন। এই চিঠি নিয়ে পার্টির প্রধান ও কর্মীদের সঙ্গে আলোচনা দরকার।
যুক্তরাষ্ট্র শর্তহীন সংলাপের তাগিদ দিয়েছে জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র সহিংসতামুক্ত ও সুষ্ঠু নির্বাচনের কথা আগেও বলেছে, আজও একই কথা বলা হয়েছে।
জাতীয় পার্টির প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, জাতীয় পার্টির যদি এজ হুল বা তারা কেউ কেউ আওয়ামী লীগের সঙ্গে থাকতে না চায়, এটা তাদের নিজেদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা তো জোর করে কাউকে আমাদের সঙ্গে টেনে আনছি না। এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার, ব্যক্তিগতভাবেও তাদের ব্যাপার।
সন্ধ্যায় তফসিল ঘোষণা হবে জানিয়ে তিনি বলেন, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এ নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনার দরকার নাই।
যুক্তরাষ্ট্রের চিঠির বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখুন চিঠি এসেছে আমার কাছে। আমার কাছে মানে আমি তো পার্টির সেক্রেটারি এই হিসেবে দিয়েছেন। এখন যে চিঠিটা আমার কাছে দিয়েছেন পার্টির মতামতের ব্যাপারে জানার জন্য সে বিষয়টা পার্টির সাথে আলোচনার আগে আমি সাংবাদিকদের কীভাবে বলব, এটা কি ঠিক হবে।