সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ, আটকা ৪৫০ পর্যটক


বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে ৪৫০ পর্যটক সেন্টমার্টিনেই আটকা পড়েছে।

জাহাজ চলাচল বন্ধের বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে ভ্রমণে আসা পর্যটকদের আরও এক রাত দ্বীপে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিয়ে আসা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তালের কারণে বৃহস্পতিবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বৈরী আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসন থেকে জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এতে সেন্টমার্টিনে ৪৫০ পর্যটক আটকা পড়েছেন। আশা করছি আবহাওয়া অনুকূলে চলে আসবে। তখন পর্যটকরা ফিরে যেতে পারবেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.