বাঁশখালীতে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৭ জন আটক
চট্টগ্রাম: বাঁশখালীতে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জালসহ ৩৭ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী শেখেরখীল মাছ ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকা থেকে ২টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।
পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জালসহ ৩৭ জেলেকে আটক করা হয়।
জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট, জাল ও আটক জেলেদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।