কর্ণফুলীতে ছেলে ধরা সন্দেহে মহিলাকে পুলিশে সোপর্দ
চট্টগ্রাম প্রতিনিধি:
করোনা পরিস্তিতিতে এ যেনো ‘মরার উপর খাড়ার ঘা’। কর্ণফুলীতে ছেলে ধরা সন্দেহে পারভীন (৪৫) নামের এক নারীকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ২০ এপ্রিল (সোমবার) বিকেল ৪টায় ঘটনাটি ঘটেছে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে।

এলাকাবাসী জানান, আজ বিকেলে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগরের গুরা মিয়া জামে মসজিদ সংলগ্ন পাশের রাস্তায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করতে দেখেন আগন্তুক এই নারীকে। এমন অবস্থা দেখে এলাকাবাসীর কয়েকজন এগিয়ে এসে মহিলাটিকে নাম ঠিকানা এবং কেন আসলেন এদিকে জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে এলোমেলো মনে হওয়ায় কর্ণফুলী থানায় খবর দেন।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে ভিক্ষুকের ছদ্মবেশে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিলো পাশের বশির মেম্বার কলোনিতে। এরা ছোট ছেলেদের চকলেট কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য তারা পুলিশকে জানায়।

পরক্ষনেই খবর পেয়ে কর্ণফুলী থানার এসঅাই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ নারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত মহিলা তার বাড়ি কোথায় সেটা জানাতে পারেননি। এমনও হতে পারে সে কোন পাগল বা মানসিক রোগী।
জানতে চাইলে কর্ণফুলী থানার অপারেশন অফিসার আওরঙ্গ জেব জানান, ‘মোবাইল পার্টির অফিসার তদন্তপূর্বক এর সত্যতা যাচাই না করা পর্যন্ত কোন মন্তব্য করা যাবে না। তবে উক্ত মহিলাকে এ্যাবনরমাল (অস্বাভাবিক) দেখাচ্ছে। তাই এ মুহূর্তে আপাতত কোনো মন্তব্য করা যাবে না।’

এ ব্যাপারে কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, ‘এলাকার লোকজন ছেলে ধরা সন্দেহে মহিলাকে আটক করলে। পরে এলাকাবাসীর কাছ থেকে ওই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি। আটককৃত মহিলা মানসিক বিকারগ্রস্ত ও পাগল বলে মনে হয়। মহিলা তার নাম একবার হিরা ও আরেকবার পারভীন বলে অস্পষ্টভাবে জানায়। মহিলার ব্যাগে সামনে অাগানোর মতো তেমন কিছু পাওয়া যায়নি। তারপরেও পুলিশ যাবাই বাচাই করে ব্যবস্থা নিচ্ছে। এতে উদ্বিগ্ন হবার মতো কিছু নেই।’