কর্ণফুলীতে দুর্বৃত্তদের হামলায় কবিরাজ নিহত
কর্ণফুলী প্রতিনিধি:
কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে একদল দুর্বৃত্তদের হামলায় মাওলানা সায়ের মোহাম্মদ সাগর (৪২) নামক এক কবিরাজ নিহত হয়েছেন।

কর্ণফুলী থানার অফিসার (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, চরলক্ষ্যাতে মাথায় আঘাত করার কারণে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেট্টোপলিটন হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা গেছেন বলে এমনটা শুনেছি। আমি খবর পেয়ে সেখানে যাচ্ছি ঘটনাটি জানার জন্য।

রবিবার (১৯ এপ্রিল) রাতে ঝাঁড় ফুঁক করার কথা বলে শিকলবাহা কবিরাজের বাড়ী থেকে ডেকে নিয়ে যান। পথিমধ্যে কিছু বুঝে উঠার আগেই মুখে মাস্ক পড়া দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালান।
নিহতের বড় ভাই মোহাম্মদ জাফর জানান, চরলক্ষ্যা ৮ ও ৯ নং ওয়ার্ডের মাঝামাঝি নির্জন স্থানে মাওলানা সাগরের ওপর হামলা করেছে। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে রাত পৌনে ১১টায় নগরীর একটি বেসরকারী হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।

নিহত মাওলানা সায়ের মো. সাগর শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর অলি বাপের বাড়ির মৃত মো. কাশেম এর ছেলে বলে জানা যায়।

হাসপাতালে থাকা স্বজনেরা জানায়, মাওলানা সায়েরের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় প্রচন্ড আঘাত লাগার কারণে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন।
সর্বশেষ সূত্র জানায়, লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।