ওরা সিনেমা কায়দায় ডাকাতি করে
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সিনেমা কায়দায় ডাকাতি করে এমন ৬ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার (২৬ জুন) রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কর্ণফুলী ও নগরীর ওয়াসা মোড় থেকে ডাকাত চক্রের, কুমিল্লার মো. কামাল হোসেন (৩০), পাঁচলাইশের মোক্তার হোসেন (২২), চাঁন্দগাওয়ের সাদ্দাম (২৬), ফটিকছড়ির শের আলী (৩২), আনোয়ারার মাসুদুর রহমান (৪০) ও সীতাকুণ্ডের মো. এরশাদ (৩৩) সহ ৬ ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২৭ জুন) নগরীর মোমিন রোডের সিএমপির দক্ষিণ জোনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৬ ডাকাতকে গ্রেফতার ও ঘটনার বিষয়ে বিস্তারিত জানান নগর পুলিশ (দক্ষিণ) এর উপ-পুলিশ কমিশনার মেহেদী হাসান।
জানা যায়, গ্রেফতারকৃত এ চক্রটিই নগরীর বিভিন্ন সড়কে ফিল্মি স্টাইলে ডাকাতি করে থাকে। গত ১৬ জুন কোতোয়ালী থানাধীন জামিয়াতুল ফালাহ পশ্চিম গেইটে ফারুক আহাম্মদ নামের এক ব্যক্তির কাছ থেকে চক্রটি জোরপূর্বক ফিল্মি স্টাইলে ৫ লাখ টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়। মুলত এ ঘটনাই করা মামলার তদম্তে গিয়ে চক্রটির সন্ধান পায় এবং এক পর্যায়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড কার্তুজ ৩ টি টিপ ছোরা , দুটি মোটরসাইকেল ও নগদ ৫০ হাজার টাকা।
সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মেহেদী হাসান বলেন, বিভিন্নি ব্যাংক প্রতিষ্ঠানের সামনে ছদ্মবেশে ঘোরাঘুরি করে বিভিন্ন ব্যক্তিকে টার্গেট করে পিছু নেয় চক্রটি। এ কাজে তাদের নির্দিষ্ট একজন ব্যক্তি বেদীর (সোর্স) ভুমিকায় থাকে। বেদীর কাজ হলো ব্যাংক থেকে বের হয়ে যাচ্ছে এমন ব্যক্তিকে অনুসরণ করা এবং অন্যদের তথ্য সরবরাহ করা। এরপর অন্যরা বেদীকে অনুসরণ করে ঘটনাস্থলে অবস্থান নেন। একপর্যায়ে টার্গেটকৃত ব্যক্তিকে অস্ত্র ছোরার ভয় দেখিয়ে তার কাছ থেকে সব কিছু লুন্টন করে চক্রটি চম্পট দেয়।
এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত ডাকাত দলটি ফিল্মি স্টাইলে নগরীতে ডাকাতি করেন। ভোক্তভোগী একজনের দায়ের করা মামলার তদন্তের চক্রটির সন্ধান মিলে। গ্রেফতার ৬ ডাকাত সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মহসিন।