ট্রাকে প্রাণ কেড়ে নিলো রবি কাস্টমার কেয়ারের নারী কর্মীর
নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চট্টগ্রামের রবি মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারের সামাইরা স্নেহা শারমিন (২৫) নামের এক নারী কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) রাতে সহকর্মীর সঙ্গে মোটরসাইকেলে বাসায় ফেরার সময় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন সানমার শপিং মল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
এ বিষয়টি জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, রাতে কাস্টমার কেয়ার থেকে ডিউটি শেষ করে একজন সহকর্মীর মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন শারমিন। মুরাদপুর ফ্লাইওভার দিয়ে জিইসি লুপে মোটরসাইকেলটি নামার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিনের মৃত্যু ঘটে। গুরুতর আহত হয়েছেন মোটর সাইকেলের চালক পুরুষ সহকর্মীটি। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।