কক্সবাজারে কুতুবদিয়ার অধিবাসীসহ ১৩জন করোনায় আক্রান্ত
করোনা দাবায় এখনো অক্ষত কুতুবদিয়া দ্বীপ
চট্টগ্রাম প্রতিনিধি:
কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১৩ জনের দেহে করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ পাওয়া যায়। টেস্টে বাকি ১৭৪ টি নমুনার ফলাফল নেগেটিভ আসে।
সোমবার (১১ মে) কক্সবাজার জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কুতুবদিয়ায় বসবাস করে বা কুতুবদিয়া থেকে পাঠানো কোন রোগীর নমুনায় করোনা এখনো পজেটিভ পাওয়া যায়নি। তবে ১৩ জন পজেটিভ রোগীর মধ্যে সদর উপজেলার একজন রোগীর ঠিকানা দেওয়া হয় কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকা।’
সিভিল সার্জন অারো জানান, ১৩ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদরে ৩ জন, পেকুয়া উপজেলায় ২ জন, উখিয়ায় ১জন, চকরিয়ায় ৫ জন, বান্দরবন জেলায় ২ জন। কুতুবদিয়া থেকে পাঠানো কোন রোগীর নমুনা পরীক্ষা করে এখনো কোভিড-১৯ পজেটিভ পাওয়া যায়নি। এনিয়ে কক্সবাজারে করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১০২।
জানতে চাইলে কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস বলেন, ‘কুতুবদিয়া থেকে পাঠানো সকল নমুনার ফলাফল নেগেটিভ। আমাদের সর্বশেষ আরও ০৫ টি নমুনা পরীক্ষার ফল এসেছে। এসবও আল্লাহর রহমতে নেগেটিভ। কুতুবদিয়া থেকে মোট ১৮৮ টি পরীক্ষা করা হয়েছে। সব নেগেটিভ এসেছে। যে একজনের পজিটিভ এসেছে বলে প্রচার করা হচ্ছে সে কিন্তু বসবাস করে কক্সবাজার শহরে। গত দুমাসে তিনি কুতুবদিয়ায় অাসা যাওয়া করেছে এমন কোন তথ্য পাওয়া যায়নি।’