সীতাকুণ্ডে ১০ টাকা কেজি চাল বিক্রি শুরু
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার দরিদ্র জনগোষ্ঠির মাঝে খোলা বাজারে ১০ টাকা দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় পৌর সদর কলেজ রোড ও উত্তর বাজার বাইপাস মোড়ে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে পৃথক ভাবে এ চাউল বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন,পৌর মেয়র আলহাজ্ব বদিউল আলম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী।
দিনমজুর, রিক্সা-ভ্যানচালক, পরিবহন শ্রমিক, ফেরিওয়ালা, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, তৃতীয়লিঙ্গ (হিজরা) সম্প্রদায়সহ অন্যান্য সকল কর্মহীন মানুষ এই বিশেষ ভ্রাম্যমাণ ওএমএস কর্মসূচির আওতায় থাকবে। পরিবারের একাধিক ব্যক্তি ভোক্তা হিসেবে নির্বাচিত হবেন না।
এছাড়া কোন পরিবারের কেউ যদি ইতিমধ্যে সরকারের খাদ্য বান্ধব অথবা ভিজিডি কর্মসূচির উপকারভোগী হয়ে থাকেন তাহলে তিনি এ কর্মসূচির আওতায় ভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।
একজন ভোক্তা জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করে সপ্তাহে পাঁচ কেজি চাল ক্রয় করতে পারবেন। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার এই তিন দিন সকাল ১০ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত বিক্রয় কার্যক্রম চলবে। প্রতিদিন প্রতি ডিলার এক টন করে দুই ডিলার দুই টন অর্থাৎ সপ্তাহে ছয় টন চাউল বিক্রি করবে ফলে এতে করে সপ্তাহে এক হাজার দুই শত উপকারভোগী পরিবার এর আওতাভুক্ত থাকবে।
স্থানীয় প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর বা প্রতিনিধির উপস্থিতিতে বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়।
তিনি বলেন, জেলা খাদ্য বিভাগের নির্ধারিত ডিলারের কাছ থেকে প্রতি সপ্তাহে একজন ভোক্তা ১০ টাকা কেজি দরে পাঁচ কেজি চাল কিনতে পারবে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে এই চাল ক্রয় করতে পারবেন। করোনাভাইরাসের কারণে গৃহবন্দি বেকার হয়ে পড়া দরিদ্র মানুষের জন্য সরকারের খোলা বাজারে চাল বিক্রি কার্যক্রম শুরু করেছি।
বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১০ টাকা দরে খোলা বাজারে চাল বিক্রি অব্যাহত রাখা হবে বলে জানান তিনি। এদিকে দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে দরিদ্র জনগোষ্ঠীকে চাল কিনতে দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
অনেকে বলেন, এতে করে করোনা মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না। এ কারণে বিকল্প পথে কিভাবে চাল প্রদান করা যেতে পারে সে পদক্ষেপ সৃষ্টি করে চাল বিতরনে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান করেন অনেকে।