সাবেক ভূমিমন্ত্রীর মৃত্যুতে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের শোক
ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা, পাবনা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন শামসুর রহমান শরীফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।
ভূমিমন্ত্রী বলেন, ভাষা সৈনিক শামসুর রহমান শরীফ ১৯৭১ সালে আমাদের জাতীয় মুক্তির জন্য ঐতিহাসিক সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারে স্বৈরাচার বিরোধী আন্দোলনেও তিনি বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। তার মৃত্যুতে দেশ ও জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজ সেবককে হারাল।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ভূমি ব্যবস্থাপনায় নবযুগ তথা ডিজিটাইজেশনের কাজ সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের আমলেই শুরু হয়েছিল। ঔপনিবেশিক আমল পরবর্তী এ অঞ্চলের প্রতিটি প্রধান গণমুখী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
ভূমিমন্ত্রী শোক বার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।