রামুতে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষেচালক নিহত
কক্সবাজারের রামু উপজেলায় মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুজন দেব (১৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির চালক ছিলেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জোয়ারিয়ানালা গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দেবপাড়া ডাকরু বাড়ি’র সুধীর দেবের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুর চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারছা সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে (চট্টমেট্রো ব-১১-১২৭৭) বিপরীতমুখী একটি প্রাইভেট মাইক্রোবাসের (চট্টমেট্টো চ ১১-৬২৭৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রেবাসটির চালক সুজন। এসময় মাইক্রোবাসের অপর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট বাসটি ঘটনাস্থল ত্যাগ করার চেষ্ঠা করলে স্থানীয় জনতা সেটি আটকে পুলিশের হাতে সোপর্দ করে।
দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটিও বর্তমানে রামু থানার হেফাজতে রয়েছে। মাক্রোবাসটি কক্সবাজার পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী’র বলে জানা গেছে। রামু হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আব্দুল্লাহ জানান, নিহত মাইক্রোবাসচালকের মরদেহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে। পরে সেখান থেকে মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।