শামীমের দেহরক্ষীরা কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেলেন: হাইকোর্ট


ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার কথিত যুবলীগ নেতা জি কে শামীমের চার দেহরক্ষী কীভাবে, কোন যোগ্যতায় অস্ত্রের লাইসেন্স পেলেন তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের আয়কর রিটার্ন বিষয়ে তথ্যও জানতে চেয়েছেন আদালত। আগামী ৫ মার্চ তা প্রতিবেদন আকারে হাইকোর্টে দাখিল করতে বলা হয়েছে।

জি কে শামীমের চার দেহরক্ষী হলেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. শামশাদ হোসেন। মঙ্গলবার চার দেহরক্ষীর জামিনের বিষয়ে রুল শুনানির সময় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের জামিন কেন প্রদান করা হবে না, সেই মর্মে রুল দিয়েছিলেন। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. শামীম সরদার।

গত ২৪ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বেঞ্চ তাদের জামিন আবেদন না মঞ্জুর করলে তারা হাইকোর্টে জামিন আবেদন করেন।

আইনজীবী আমিন উদ্দিন মানিক জানান, জিকে শামীমকে অবৈধ চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক এবং ক‌্যাসিনোকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। আর এ চার আসামি হলেন তার সহযোগী। এদের বিরুদ্ধে গত বছরের ২১ সেপ্টেম্বর গুলশান থানার মামলা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.