চট্টগ্রামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু বৃহস্পতিবার
প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা
নগরীর পলোগ্রাউন্ড মাঠে ২৮তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২০ শুরু হচ্ছে বৃহস্পতিবার (৫ মার্চ)। মাসব্যাপী এ বাণিজ্য মেলার আয়োজন করছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে মেলার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) সকালে নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলনে মেলার বিষয়ে বিস্তারিত জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ।
লিখিত বক্তব্যে জানানো হয়, চার লাখ বর্গফুটের বেশি জায়গাজুড়ে আয়োজিত মেলায় এবার ২০টি প্রিমিয়ার গোল্ড প্যাভিলিয়ন, ৩৩টি প্রিমিয়ার স্টল, ১১৫টি গোল্ড স্টল, ২৮টি মেগা স্টল, ৮টি ফুড স্টল, পার্টনার কান্ট্রি থাই জোন ও ৪টি আলাদা জোন নিয়ে ৪৭০টি স্টলে ৪০০-এর বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। মেলার পার্টনার কান্ট্রি হিসেবে থাকছে থাইল্যান্ড।
চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, এবছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয়ভাবে মুজিববর্ষ পালন করা হচ্ছে। এ উদযাপনে অংশীদার হতে আমরা মেলায় একটি আধুনিক বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করেছি।
তিনি বলেন, নতুন শিল্প প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলায় তাদের পণ্য প্রদর্শনের জন্য অপেক্ষা করে। দেশীয় পণ্য প্রদর্শনের পাশাপাশি নতুন পণ্যগুলো সম্পর্কে যেন দর্শনার্থীরা জানতে পারে তাই এ মেলার আয়োজন।
চেম্বার সভাপতি বলেন, চট্টগ্রাম চেম্বার ২৭ বছর ধরে দেশের শিল্পের প্রসার ও মান উন্নয়নের লক্ষ্যে এ মেলার আয়োজন করে আসছে। এবারের মেলায় নগরীর বিভিন্ন স্কুলের প্লে গ্রুপ থেকে ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ৫ লাখ টিকিটের ব্যবস্থা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শেখ ফজলে ফাহিম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান সৈয়দ জামাল আহমেদ, কো-চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন, জহিরুল আলম, অঞ্জন শেখর দাশ।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ টাকা।