বাঁশখালীতে ট্রলার ডুবির ৪দিন পর নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার
বাঁশখালীতে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবির ঘটনার চারদিন পর নিখোঁজ থাকা দশম শ্রেণির ছাত্র আরমান উদ্দিনের (১৫) মৃতদেহ সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। গতকাল রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের সমুদ্র উপকূলে তাঁর লাশটি পাওয়া যায়।
গত বুধবার বাঁশখালী থেকে কতুবদিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে একটি ট্রলার ডুবে গিয়েছিল। ওই ঘটনায় চারজন মারা যান। আরমান সহ বাকি তিনজন হলেন আব্দুল মালেক (৫২), লেদু মিয়া (৭০) এবং মোহাম্মদ জালাল (৫৫)।
আব্দুল মালেকের মরদেহ ঘটনার দিন বুধবার সাগরে পাওয়া যায়। গত শুক্রবার লেদু মিয়ার, পরেরদিন শনিবার জালালের এবং গতকাল রবিবার আরমানের লাশ সাগর থেকে উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, লাশ দাফন করা হয়েছে।
প্রসঙ্গত,গত বুধবার সকালে জলকদর খালের কাথারিয়া চুনুতি বাজার একটি ট্রলার ডুবে দুজন মারা যান। একই দিন দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে অপর একটি ট্রলার ডুবির ঘটনায় চারজন মারা যান। দুটি ট্রলারই বাঁশখালী থেকে কুতুবদিয়া মালেক শাহ’র ওরসে যাওয়ার পথে যাত্রী সহ ডুবে যায়। ট্রলারডুবির এ দুটি ঘটনায় মোট ছয়জন মারা যান। সবার লাশ উদ্ধার করা হয়েছে।
—