আগামী ২৯ মার্চ ইভিএমে চসিক নির্বাচনের ভোট গ্রহণ


চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২৯ মার্চ। বগুড়া-১ ও যশোর-৬ আসনেও একই দিন উপনির্বাচন হবে বলে নির্বাচন কমিশনের (ইসি) সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ৬১তম কমিশন সভা শেষে ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর এ তথ্য জানান। এর আগে বিকেল ৩টায় এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সভায় বসে কমিশন। তিনি বলেন, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১ মার্চ, আপিল ২ থেকে ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ হবে ৯ মার্চ। আর ভোটগ্রহণ হবে ২৯ মার্চ।

সভা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটিতে ইভিএমে ভোট হবে। বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনে ব্যালটে ভোট অনুষ্ঠিত হবে। ইসি সচিব বলেন, ‘সকালে ভোটাররা ঘুম থেকে ওঠেন না। তাই ৮টার পরিবর্তে ৯টা থেকে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, কবিতা খানম ও সচিব মো. আলমগীরসহ ইসির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চসিক নির্বাচনে মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।

শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.