উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে মো. ইলিয়াস (৪৩) নামে এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার ( ১৩ মে) ভোর ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে।
নিহত মো. ইলিয়াস উখিয়ার ক্যাম্প-৪, সি/৩ ব্লকের আবুল কাশেমের ছেলে। তিনি ওই রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এক্সটেনশনের বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস। গতরাতে অজ্ঞাতনামা ১০/১৫ জন রোহিঙ্গা সন্ত্রাসী অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে বের করে নিয়ে যায়। পরে বসতবাড়ি সংলগ্ন হ্যান্ডি ক্যাফ অফিসের পেছনে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।