চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধীর মৃত্যু
কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে শাহ আলম (৬৫) নামে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন।
রবিবার (১৪ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের পহরচাঁদা গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহ আলম ওই এলাকার খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে রেললাইনের ওপর হাঁটছিলেন শাহ আলম। এ সময় ট্রেনে কাটা পড়ে তাঁর শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধারের জন্য হারবাং ফাঁড়ির পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। প্রথমবারের মতো ট্রেনে কাটা পড়ে চকরিয়ায় কোনো মৃত্যুর ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।