বঙ্গবন্ধু টানেলের মুখে বাস উল্টে একজনের মৃত্যু
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের আইল্যান্ডের সাথে ধাক্কা খেয়ে বাস উল্টে আবুল হোসেন (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী।
শুক্রবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে টানেল রোডের পতেঙ্গা প্রান্তের টোল বক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তিনি কাটগড়ের চরপাড়ায় থাকতেন।
পুলিশ জানায়, বাসটি বঙ্গবন্ধু টানেল হয়ে আনোয়ারা প্রান্তে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় এক বাসযাত্রীর মৃত্যু হয় এবং ১৫ জন আহত হয়। পরে রেকার দিয়ে বাসটি সরিয়ে নেওয়া হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, আহত বাসযাত্রীদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।