আওয়ামী লীগ কখনো পালায় না: প্রধানমন্ত্রী


প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিরোধী দল, সংসদে না থাকলেও তারা বক্তব্য দেয়—আমাদের নাকি পালানোর কোনো পথ থাকবে না। আমি এমন বক্তব্যদাতাদের উদ্দেশে বলি—শেখ হাসিনা, আওয়ামী লীগ কখনো পালায় না।’

আজ মঙ্গলবার (১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সরকারপ্রধান এসব কথা বলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শীর্ষক ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কৃষক লীগ।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, তাদের মুখে বড় বড় কথা, আমরা নাকি পালানোর পথ পাব না। তারা আমাদের নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা করেছে, অনেক নেতাকর্মীকে হত্যা করেছে। গ্রেনেড হামলা করেছে। আমরা তো প্রতিশোধ নেইনি। একভাগ প্রতিশোধ নিলেও তাদের হদিস পাওয়া যেত না। আমরা প্রতিশোধ নেইনি, কারণ আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী।

জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এটাই জাতির পিতার কাছে আমাদের আজকের দিনের প্রতিজ্ঞা।

কৃযক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ, আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.