রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জনের মৃত্যু
বান্দরবানের রুমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১২ জন।
সোমবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে রুমা-বগালেক সড়কের কমলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বগালেকের কয়েকজন ট্রাকে করে রুমা সদরে যাচ্ছিলেন। তাদের কয়েকজন বাজার করতে যাচ্ছিলেন। পথে ঐ সড়কের কমলা বাগান এলাকার উঁচু ঢাল নামতে গেলে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক দুইটি সড়ক থেকে ছিটকে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার নারী নিহত হন। এছাড়া আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আরো এক নারীসহ দুইজনের মৃত্যু হয়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, বগালেক সড়কের কমলা বাগান এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা রুমা বাজারে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন শিবলী জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।