রাঙ্গুনিয়ায় নিরাপদ অভিবাসন ও প্রবাসী কল্যাণ বিষয়ে সভা
দক্ষতা উন্নয়ন, নিরাপদ অভিবাসন, রেমিটেন্স প্রেরণ ও প্রবাসীদের কল্যাণ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা আজ ২৮ সেপ্টেম্বর বুধবার চট্টগ্রামের প্রবাসী অধ্যুষিত উপজেলা রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের পশ্চিম বেদৌরা আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এর উপপরিচালক মো. জহিরুল আলম মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি নিরাপদ অভিবাসনে করণীয় বিষয়ে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
স্কুলের প্রধান শিক্ষক রুবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন গামকা প্রতিনিধি নজরুল ইসলাম, মহিলা টেকনিক্যাল টেনিং সেন্টার (টিটিসি) চট্টগ্রাম এর চিফ ইনস্ট্রাক্টর আবু হেনা মোস্তফা কামাল, বেসরকারি সংস্থা ইপসা’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুস সবুর প্রমূখ।
সভায় জানানো হয়, প্রবাসীদের কল্যাণে সরকারের অনেক উদ্যোগ রয়েছে। এগুলোর মধ্যে মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রবাসী বাংলাদেশীদের কল্যাণ, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ, নতুন শ্রমবাজার অনুসন্ধান ও বিদ্যমান শ্রমবাজার স¤প্রসারণ, অভিবাসন ব্যয় হ্রাসসহ অভিবাসন ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা অন্যতম। পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় দেশের আর্থ-সামাজিক উন্নয়নে প্রবাসীদের অধিক হারে অংশ গ্রহণের সুযোগ সৃষ্টিতে অবদান রাখছে।
সভায় সরকারি সেবার পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো প্রবাসীদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে কি কি সেবা প্রদান করছে – সেসব তথ্য তুলে ধরা হয়।
বক্তারা বলেন, চট্টগ্রাম প্রবাসী অধ্যুষিত জেলা। রাঙ্গুনিয়ায় এমন কোন পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে প্রবাসী নেই। অনেক ক্ষেত্রে অভিবাসীরা সচেতনতা ও দক্ষতার অভাবে বিদেশ থেকে বড় ধরনের অর্থ উপার্জনে ব্যর্থ হচ্ছে। অথচ একজন সচেতন ও প্রশিক্ষিত কর্মী বিদেশে মর্যাদার সাথে ভালো অর্থ উপার্জন করতে পারেন। বৈধ পন্থায় বিদেশে যেতে চাইলে দক্ষতা উন্নয়ণে প্রশিক্ষণ, স্বাস্থ্য পরীক্ষা, চাকুরির চুক্তিপত্র, ভিসা পাওয়া, ফি পরিশোধ এবং রশিদ গ্রহণ করতে হবে একজন কর্মীর।
তাঁরা বলেন, কোভিড পরবর্তী পরিস্থিতিতে বিশ্বে অনেক শ্রমবাজার তৈরি হয়েছে। যেখানে প্রশিক্ষিত ও দক্ষ জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। চট্টগ্রামে মহিলা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে নারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ফলে মেয়েদের প্রশিক্ষিত হয়ে বিদেশে গিয়ে মর্যাদার সাথে চাকুরি করা ও অর্থ উপার্জনের সুযোগ রয়েছে।
সভায় দুই শতাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবক অংশ নেন। বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রত্যাশী ও ইপসা। স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ উল্লাহ চৌধুরী, আইয়ুব খান, এম এ মান্নান চৌধুরী প্রমূখ।