বাকলিয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে এক পরিবারের আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ার সালেহ আহম্মদ মেম্বার বাড়ীর একটি পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগে ছগির (৫০), মোশারফ হোসেন বাপ্পী (৩০), লুৎফুর রহমান লিটন (২৮), মানিক (৩২), সোহেল মাহামুদ (৩৮), আতিকুর রহমান (২৮) ও সোলেমান (৬০) সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩/৪ জনকে বিবাদী করে আদালতে মামলা দায়ের করেছেন হামলার শিকার মোঃ সেলিম ( ৫০) নামের এক ব্যক্তি। মামলা দায়ের পর বাকলিয়া থানাকে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত । গত ৫ জুলাই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ চট্টগ্রামে বাদী হয়ে মামলাটি দায়ের করেন মোঃ সেলিম। মামলার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই বাদীর নিজ বাসস্থলে সংস্কার কাজ করার সময় উক্ত লিখিত বিবাদী গনেরা এসে বাদী মো: সেলিমের উপর সশস্ত্র হামলা চালায়। এসময় তাকে বাঁচাতে আসলে সেলিমের স্ত্রী, কন্যাসহ তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। হামলা চালানোর পর তারা সেলিমের ঘরে প্রবেশ করে ভাংচুর করে এবং অস্ত্রের মূখে ২ ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ ১৪ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়। এসময় এলাকাবাসী পুলিশকে ফোন করলে তারা দ্রুত পালিয়ে যায় বলে মামলা সূত্রে জানা যায়।
হামলার বিষয়ে মামলার বাদী মোঃ সেলিম বলেন, ছগির, মোশারফ, লুৎফুর রহমান লিটন, মানিক, সোহেল, আতিকের নেতৃত্বে ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ায় একটি অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তারা চাঁদাবাজি, ভূমিদস্যুতা, মাদক ব্যবসা নিরিহ মানুষকে মারধরসহ নানা অসামাজিক কর্মকান্ড এলাকায় দীর্ঘদিন ধরে চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কেউ কথা বলাতো দূরের কথা, স্থানীয় প্রশাসনকে কিছু জানালেও তাদের উপর হামলা মারধর এমনকি তাদের ঘর-বাড়ী জমি অস্ত্রের মূখে দখল করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়াজের পাড়ার বাসিন্দারা তাদের এই অপকর্ম বন্ধ করতে স্থানীয় বাকলিয়া পুলিশের সহযোগিতাও চেয়েছেন। তাদের এই অপকর্ম বন্ধ করতে না পারলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। তাই প্রশাসনের প্রতি অভিযুক্তদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের অনুরোধও জানিয়েছেন এলাকাবাসী।
হামলার ঘটনায় ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড ওয়াজের পাড়ার এলাকার স্থানীয়রা জানান, মো : সেলিমের পরিবারের উপর হামলা চালিয়েছে ছগির, মোশারফ হোসেন বাপ্পী, লুৎফুর রহমান লিটন , মানিক , সোহেল মাহামুদ, আতিকুর রহমান ও সোলেমান। তারা এলাকায় অসামাজিক কর্মকাণ্ড সহ নিরিহ লোকজনকে জুলুম, জোরপূর্বক জায়গা দখল করা এসব তাদের কাজ। এ ছাড়া তারা মাদক ব্যবসাসহ সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারন মানুষের উপর বিভিন্ন নির্যাতন চালায়। এদের নির্যাতন থেকে মুক্তি পেতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গ্রেফতারের দাবি জানান স্থানীয়রা।