চট্টগ্রাম কারাগারে অমিত মুহুরী হত্যার সাক্ষ্যগ্রহণ শুরু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী অমিত মুহুরী হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। প্রথমদিন মামলার বাদী চট্টগ্রাম কারাগারের তৎকালীন জেলার নাশির আহমেদ সাক্ষ্য দেন।
মঙ্গলবার (১৫ মার্চ) চট্টগ্রামের অতিরিক্ত চতুর্থ মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালতে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৩০ জানুয়ারি মামলায় অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর নির্দেশ দেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অমিত মুহুরী হত্যা মামলায় বাদী তৎকালীন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। আসামি রিপন নাথের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আসামি রিপন নাথ নিজে মামলার বাদী নাশির আহমেদকে জেরা করেছেন। আগামী ১২ মে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ঠিক করেছেন আদালত।
নগরের পাহাড়তলী থানায় হওয়া একটি মামলায় কারাগারে ছিলেন রিপন নাথ। অপরদিকে হত্যাকাণ্ডের শিকার অমিত মুহুরী নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৯ মে রাতে কারাগারের ভেতর ৩২ নম্বর সেলের ৬ নম্বর কক্ষে রিপন নাথের ইটের আঘাতে গুরুতর আহত হন অমিত মুহুরী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।
এ ঘটনায় রিপন নাথকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাসির আহমেদ। ২০১৯ সালের ১১ জুন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন রিপন নাথ।
রিপন নাথ জবানবন্দিতে দাবি করেন, ঘুমানোর আগে অমিত মুহুরী তাকে ধুমপান করতে মানা করেন এবং পায়ের কাছে ঘুমাতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে অমিত মুহুরী তার কাছে জিন আছে বলে রিপন নাথকে ভয় দেখান। জিনের ভয়ে অমিত মুহুরীকে খুন করেছেন বলে দাবি করেন রিপন নাথ।
২০২০ সালের ২৫ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আজিজ আহমেদ আদালতে অভিযোগপত্র জমা দেন।