চবি’র শাটল ট্রেনের নিয়মিত সিডিউল চালু দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে যানবাহনের প্রয়োজনের তুলনায় অপ্রতুলতা এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হয়ে পরিস্থিতিকে অসহনশীল করে তোলায় চবি’র শাটল ট্রেনের নিয়মিত সিডিউল চালু দাবিতে প্রক্টর মোঃ রবিউল হাসান ভূঁইয়া’র নিকট সাধারণ শিক্ষার্থীদের পক্ষে স্মারকলিপি প্রদান করেছেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার ( ২৪ ফেব্রুয়ারি) সকালে এ স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া স্টুডেন্টস ফোরাম’র সাধারণ সম্পাদক মিনহাজুর রহমান শিহাব, অর্থ সম্পাদক মেহেরাজ হোসেন, প্রচার সম্পাদক সুমন দেব, কার্যকরী সদস্য হোজাইফা হামিম এবং সাধারণ শিক্ষার্থী ইব্রাহীম খলিলুল্লাহ সিয়াম।
স্মারকলিপি প্রদানকালে নেতৃবৃন্দরা বলেন, মাস খানেক আগে মাইলেজ জনিত যে সমস্যার কারনে শাটল ট্রেনের নিয়মিত শিডিউল সাময়িক বন্ধ করা হয়েছিল তা ইতোমধ্যে সমাধান হয়েছে। করোনা মহামারীর বিধিনিষেধ কাটিয়ে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা পুনঃদমে চলছে ফলে বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে নিয়মিত আসা-যাওয়া করতে হয়। অথচ ট্রেনের স্থগিত থাকা নিয়মিত শিডিউল চালু না হওয়ায় শিক্ষার্থীদের চরম ভোগান্তি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া বিকল্প যানবাহনের প্রয়োজনের তুলনায় অপ্রতুলতা এবং ভাড়া নিয়ে শিক্ষার্থীরা প্রায়ই হয়রানির শিকার হচ্ছে যা পরিস্থিতিকে অসহনশীল করে তুলছে। তাই সাধারণ শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘœ রাখার দাবি জানান তারা। স্মারকলিপি প্রদানকালে প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের অসুবিধার কথা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা দ্রুত সমস্যা সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।