রোনালদোর জোড়া গোলে আর্সেনালকে হারালো ম্যানইউ


প্রিমিয়ার লিগে ক্রমশ ছন্দ ফিরে পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি মৌসুমে এই প্রথম তারা দুইয়ের অধিক ম্যাচ অপরাজিত থাকলো। গতরাতে (২ ডিসেম্বর) আর্সেনালের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে রেড ডেভিলসরা। এতে জোড়া গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানইউর হয়ে অন্য গোলটি করেছেন তার স্বদেশি ব্রুনো ফার্নান্দেজ।

বৃহস্পতিবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ১৩ মিনিটের সময় আর্সেনালকে এগিয়ে নেন স্মিথ রো। প্রথমার্ধের ৪৪ মিনিটে ফ্রেডের সহায়তায় রেড ডেভিলসদের সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ।

ক্রমশ ছন্দে ফিরছে ম্যানচেস্টার ইউনাইটেড
দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে মার্কাস রাশফোর্ডের এসিস্টে এবার স্কোরদাতার নাম ক্রিশ্চিয়ানো রোনালদো। এতে ২-১ গোলে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু লিড বেশিক্ষণ টিকলো না। এর দুই মিনিট পরই আর্সেনালকে সমতায় ফেরান ওডেগার্ড।

তবে শেষ হাসিটা হেসেছে রেড ডেভিলসরা। ৭০ মিনিটে পেনাল্টিতে গোল করে দলের জয় নিশ্চিত করেন রোনালদো। এর মধ্য দিয়ে বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে পেশাদার ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক অতিক্রম করলেন পর্তুগিজ অধিনায়ক। অবশ্য প্রথম গোলেই তিনি এই মাইলফলক স্পর্শ করেন। এখন তার গোল সংখ্যা ৮০১টি।

এই জয়ের ফলে লিগ টেবিলের ৭ নম্বরে উঠে এলো ম্যানইউ। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ২১। অন্যদিকে, সমান ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আর্সেনাল।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.