আগুনের সাথে জীবন প্রদীপ নিভে গেলো ফায়ার সার্ভিস কর্মী মিলনের


কে এম রাজীবঃ চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকা এলাকায় হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি রাসায়নিক কারখানায় সৃষ্ট আগুন নেভানোর পর নিজের জীবন প্রদীপ নিভে গেলো মোহাম্মদ মিলন মিঞা (৩৮) নামে এক ফায়ার সার্ভিস কর্মীর। শুক্রবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত মিলনের বাড়ী নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০০৫ সালে ফায়ার কর্মী হিসেবে যোগদান করে নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনে কাজ করতেন।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর পাহাড়তলী থানার সাগিরকা এলাকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে একটি
রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় দুপুরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার পর মিলন বুকে ব্যাথা অনুভব করে। তাকে অ্যাম্বুলেন্সে করে চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হলে দুপুর ২টার দিকে কার্ডিওলজি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘোষণা করা হয়। মিলনের মৃত্যুতে শোক প্রকাশ ও মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.