নগরীতে তিন নারী ছিনতাইকারী পুলিশের জালে আটক
কে এম রাজীবঃ নগরীতে ছিনতাইয়ের অভিযোগে পাপিয়া বেগম (৪১), রুমা আকতার (২৬) ও মোসাঃ জোসনা বেগম (২৫) নামের তিন নারী ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার(২৬ সেপ্টেম্বর) দুপুর দেড় টায় নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ সেপ্টেম্বর দুপুর অানুমানিক ১.৩০ মিনিটের সময় ৬০ বছর বয়সী রিফাত শামীম নামের এক মহিলা চট্টগ্রাম জেনারেল হাসপাতাল হতে তার বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে কোতোয়ালী থানাধীন লালদিঘীর উত্তর পাড়স্থ ওরিয়েন্ট টাওয়ারের নিচে মালঞ্চ নামক দোকানের সামনে রাস্তার উপর পৌছামাত্রই অজ্ঞাতনামা নারীরা তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় চারপাশে ঘিরে ফেলে। এসময় তারা সকলে ওই মহিলাকে মারধরের ভয়ভীতি প্রদর্শন করে গলায় থাকা ১টি স্বর্ণের চেইন ছিনাইয়া নেওয়ার চেষ্টা করে। এসময় এসআই মোহাম্মদ ইমরান সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় এবং তাদেরকে কৌশলে আটক করে। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে তারা নাম ঠিকানা প্রকাশ সহ ঘটনার কথা স্বীকার করে। তারা ইতিপূর্বেও রাস্তা পারাপারে একই স্থানে মহিলাদেরকে চারপাশে ঘিরে কৌশলে মহিলাদের কাছ থেকে মূল্যবান জিনিস, স্বর্ণের চেইন, মোবাইল ছিনাইয়া নেয়। আরও জানা যায়, গ্রেফতারকৃত মোছাঃ পাপিয়া বেগম এর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় ও চাঁন্দগাও থানায় দ্রুত বিচার আইনে ২টি, পাঁচলাইশ থানায় পেনাল কোডের ৪১৩/৩৪ ধারায় ১টি সহ মোট ৩টি এবং
রুমা আকতার এর বিরুদ্ধে সিএমপি’র কোতোয়ালী থানায় দ্রুত বিচার আইনে ১টি মামলা রয়েছে।