মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান করছেন সিএমপি কমিশনার


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যা সমাধানের বিষয় ও পিআরএল এ গমনকারী পুলিশ সদস্যদের বিদায় শুভেচ্ছা জানিয়ে সিএমপি’র মাসিক কল্যাণ সভা আগষ্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ( ১২ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থের মাল্টিপারপাস সেডে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর।

এসময় সভায় কমিশনার সিএমপি’র সকল পুলিশ সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন। তিনি বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সমস্যার কথা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন।

অনুষ্ঠানে দীর্ঘ প্রায় ৩৯ বছর সফলভাবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে পিআরএল এ গমনকারী পুলিশ সদস্য এসআই (সশস্ত্র) সরদার রবিউল ইসলাম, এএসআই (সশস্ত্র) পরিমল দাশ, কনস্টেবল মোঃ আব্দুল হাকিম, কনস্টেবল মোঃ সাহাবউল্যা, কনস্টেবল সুভাষ চন্দ্র বড়ুয়া, কনস্টেবল প্রিয়তোষ দত্ত, কনস্টেবল মোঃ নুরনবী ও অফিস সহায়ক মোঃ শওকত আলী কে ফুলেলে শুভেচ্ছায় বিদায় জানান। সভায় পুলিশ কমিশনার কাপ আন্তঃ কোম্পানি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের অধিনায়ক ও টিম ম্যানেজারর মাধ্যমে দুই দলকে অর্থ পুরস্কার প্রদান করেন।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ অন্যান্য উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার সহ সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.