বান্দরবানে আবারও বাড়ছে করোনা সংক্রমণের সংখ্যা
মোহাম্মদ শহিদুল ইসলাম, বান্দরবান জেলা প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানে করোনায় আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘন্টায় জেলায় মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সুত্রে। এর আগে বৃহস্পতিবার ৫ জন, বুধবার ৯ জন ও মঙ্গলবার ৫ জন রোগী শনাক্ত হয়। বান্দরবান সদর হাসপাতাল আইসোলেশনে ১১ জন রোগী ভর্তি রয়েছে।
সিভিল সার্জন ডা: অংসৈ প্রু মারমা জানিয়েছেন, হঠাৎ করেই গত এক সপ্তাহ থেকে বান্দরবানে করোনা সংক্রমণ বাড়ছে। হাসপাতালগুলোতে নমুনা সংগ্রহের পরিমান আগের চেয়ে বেড়েছে। সেই সাথে করোনার ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ ঠেকাতে গত এক মাসেরও বেশি সময় ধরে বান্দরবানের সবগুলো পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে হোটেল-মোটেল রিসোর্টগুলো। সংক্রমণ বেড়ে যাওয়ায় বান্দরবানের সাথে ঢাকার দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বর্তমানে বন্ধ রয়েছে।
উল্লেখ্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে বান্দরবানে ৫ জন মারা গেছেন এবং মোট আক্রান্তের সংখ্যা ১০৬০ জন ছাড়িয়েছে।