নিখোঁজ যুবলীগ নেতা বেলাল উদ্দিনকে ফিরিয়ে পেতে পরিবারের সংবাদ সম্মেলন
নগরীর আকবরশাহ থানাধীন ৯ নং ওয়ার্ডে নিখোঁজ হওয়া যুবলীগ নেতা বেলাল উদ্দিন জুয়েলকে ফিরিয়ে পেতে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেলাল উদ্দিনের এর স্ত্রী কানিজ ফাতেমা। এসময় তার বড় মেয়ে জোহরাও উপস্থিত ছিলেন।
এ সময় তিনি অভিযোগ করেন, গত ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনের দিন ভোর ৪ টায় বেলালের খালাতো ভাই তৌহিদুল ইসলাম পাপ্পুর বাসা থেকে র্যাব পরিচয়ে সদস্যরা তুলে নিয়ে যায় বেলাল উদ্দিনকে। পরে পরিবারের সদস্যরা র্যাব ৭ কার্যালয় পতেঙ্গা ও চান্দগাঁও কার্যালয়ে যোগাযোগ করলে র্যাবের কোনো সদস্য বেলালকে আটক করেনি বলে জানিয়ে থানায় খবর নেওয়ার পরামর্শ দেন বলে সংবাদ সম্মেলনে জানান বেলালের স্ত্রী কানিজ ফাতেমা।
তিনি আরও বলেন, আমি আমার স্বামীর সন্ধানে থানায় গেলে পুলিশ সদস্যরা বলেন আপনার স্বামী র্যাবের হাতে আটক হয়েছে আমাদের করার কিছু নেই। পরে থানায় একটি নিখোঁজ ডায়েরি নিতে বললে থানা ডায়েরি নিতে অপারগতা প্রকাশ করে বলে জানান কানিজ ফাতেমা। এসময় বেলালের মেয়ে জোহরা কান্না জড়িত কন্ঠে বলেন, আমার আব্বুকে যেন আমরা তারাতারি ফিরে পাই সে জন্য সবার কাছে সহযোগিতা চাইছি।
বেলালের স্ত্রী আরও বলেন, আমার স্বামীর কোনো মামলা না থাকা সত্ত্বেও র্যাবের হাতে আটক হয়ে তিনদিন অতিবাহিত হওয়ার পরও আমার স্বামীর কোনো সন্ধান পায়নি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সংস্থা আমাদেরকে কোনো খবর দিতে পারেনি। তাই আমার স্বামীকে দ্রুত ফিরিয়ে পেতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ও প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ জানান বেলাল উদ্দিন জুয়েলের স্ত্রী কানিজ ফাতেমা।
এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বেলাল উদ্দিনের ছোট ভাই হেলাল উদ্দিন সুমন, খালাতো ভাই তৌহিদুল ইসলাম পাপ্পু, ভাগিনা আরিফুল ইসলাম, এলাকাবাসী ইলিয়াস খাঁন ও আব্দুল কাদের।