ঈদ-উল আযহা উপলক্ষে নাগরিক নিরাপত্তায় নির্দেশনা প্রদান সিএমপি’র
কে এম রাজীবঃ পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে দেশব্যাপী ঈদের আনন্দ নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় বেশকিছু নির্দেশনা প্রদান করছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
সোমবার (২৭ জুলাই) সিএমপি’র দপ্তর হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে নির্দেশনা সম্পর্কে বলা হয়, করোনা পরিস্থিতিতে সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে ভ্রমণ করা ও ভ্রমণের সময় অবশ্যই মাস্ক ব্যবহার করা, শারীরিক অসুস্থতা নিয়ে ভ্রমন পরিহার করা, করোনার এই পরিস্থিতিতে তাড়াহুড়া করে কিংবা ঝুঁকিপূর্ণ অবস্থায় বাসে না উঠা, এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা থেকে যায়, অপরিচিত কারও সঙ্গে ভাগাভাগি করে গাড়ি ভাড়া না করা এবংগাড়িতে না উঠা, রাস্তায় অপরিচিত কারও কাছ থেকে কোনো কিছু না খাওয়া এবং করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে বাহিরের খাবার খাওয়া এড়িয়ে চলা, রাস্তায় বাস, ট্রেন কিংবা লঞ্চ টার্মিনালে পকেটমার ও দুস্কৃতিকারী থেকে সাবধান থাকা, আপনার সঙ্গে মোবাইল ফোন এবং হ্যান্ডব্যাগের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা, যানবাহনে চলার সময় বা ট্রাফিক জ্যাম পড়লে গাড়ির জানালা বন্ধ রাখতে হবে, দীর্ঘ রুটে যাত্রায় নির্জন বা অপরিচিত স্থানে যাত্রা বিরতি করা যাবে না, মধ্য কিংবা শেষ রাতে বাসস্ট্যান্ডে নামলে সতর্কতার সঙ্গে চলাচল করা এবং প্রয়োজনে সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করা।
এতে আরও বলা হয়, ট্যাক্সি বা অটোরিকশা কিংবা ভাড়ায় চালিত অন্যান্য গাড়ি ভাড়া করার সময় গাড়ির রেজিস্ট্রেশন নম্বর এবং ড্রাইভারের নাম ঠিকানা লিখে নিতে হবে, প্রয়োজনে ওই রেজিস্ট্রেশন নম্বর ও ড্রাইভারের নাম প্রিয়জনের নম্বরে এসএমএস করে রাখতে হবে, যাত্রাকালে নিজের মালামালের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে এবং রাতে মূল্যবান সামগ্রী নিয়ে একাকী চলাচল পরিহার করতে হবে, যাতায়াতের সময় সহযাত্রী বেশে থাকা অজ্ঞান পার্টি ও মলম পার্টির খপ্পর থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, রাত্রিকালে জনবহুল রাস্তা দিয়ে চলাচল করার চেষ্টা করতে হবে, এবং ঈদে বাড়ি যেতে হলে শেষ মুহূর্তের যানজট এড়াতে পূর্বেই ভ্রমণ সম্পন্ন করতে হবে।
এতে নিরাপত্তার স্বার্থে আরও উল্লেখ করা হয়, যে কোন প্রয়োজনে জাতীয় জরুরি সেবা: ৯৯৯ নম্বরে যোগাযোগ করা যাবে, প্রয়োজনে- সিএমপি কন্ট্রোল রুমঃ ০১৮৮০-৮০ ৮০ ৮০ এই নাম্বারে ফোন করার অনুরোধ জানানো হয়।