ইভিএম পদ্ধতি বাদ দিয়ে, ব্যালটে ভোট গ্রহণ করা হোক: কেন্দ্রীয় যুবলীগ

নির্বাচন পেছানো হবে না: রিটার্নিং কর্মকর্তা


করোনা ভাইরাসের কারণে সতর্কতা অবলম্বনে আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ইভিএম পদ্ধতি বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রস্তাব দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির যুবলীগের নেতারা।

বুধবার (১৮ মার্চ) দুপুরে চসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তারা।

মহিউদ্দীন বাচ্চু বলেন, রেজাউল করিম চৌধুরীর পক্ষে আমরা যুবলীগের নেতাকর্মীরা কাজ করছি। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে মানুষের কাছে উন্নয়নের বার্তা নিয়ে যাচ্ছি। নির্বাচনে করোনার কারণে ইভিএম পদ্ধতি বাদ দিয়ে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণের প্রস্তাব দেন মহিউদ্দীন বাচ্চু।

মুহাম্মদ বদিউল আলম বলেন, রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণার জন্য ওয়ার্ড ভিত্তিক কমিটি করেছি। ওয়ার্ডগুলোতে নিয়মিত প্রচারণা চালাচ্ছি আমরা।এ নির্বাচন সরকার পরিবর্তনের নির্বাচন নয়। কিন্তু বিএনপি কী বলছে- তারা বলছে এটি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের নির্বাচন। সরকার চট্টগ্রামে উন্নয়ন করেছে। এ উন্নয়ন এগিয়ে নেওয়ার নির্বাচন।

সভায় বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম, সদস্য সচিব শহিদুল হক চৌধুরী রাসেল, মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহাবুবুল হক সুমন, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী ও উত্তর জেলা যুবলীগের সভাপতি এস এম আল মামুন।

যথা সময়ে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচন কমিশন যদি জনসমাগম এড়িয়ে চলে প্রচারণার জন্য নির্দেশনা দেন তবে প্রার্থীর পক্ষে ডিজিটাল প্রচারণা চালাবেন বলে জানান তারা। যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটি নগরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভার আয়োজন করে।

এছাড়াও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মাদ হাসানুজ্জামান খানিক আগে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, নির্বাচন পেছানো হবে না। প্রার্থীদের বড় সমাগম না করে ৩-৪ জনের টিম নিয়ে ভোটের প্রচারণা করতে নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.