আলোচিত সেই ইয়াবা মামলায় কর্ণফুলীর ইকবাল গ্রেপ্তার


কর্ণফুলীর আলোচিত ১ লাখ ১৫ হাজার পিস ইয়াবা মামলার পলাতক আসামি ‍যুবলীগ নেতা ইকবাল আল ফারুক কে (৩০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সিএমপি কর্ণফুলী থানা পুলিশের অভিযানে আটক ইয়াবার সবচেয়ে বড় চালানটির মূল হোতা ছিল এই যুবলীগ নেতা ইকবাল।

বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার চরলক্ষ্যা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। জানা যায়, গ্রেপ্তার ইকবাল এর বাড়ি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের দ্বীপ কালারমোড়ল এলাকায়।

তথ্যমতে, ২০১৮ সালের ২৪ সেপ্টেম্বর (রোববার) রাত সাড়ে ১০টার দিকে কর্ণফুলী জোনের সাবেক সহকারী পুলিশ কমিশনার জাহেদুল ইসলামের নেতৃত্বে এবং তৎকালিন কর্ণফুলী থানার ওসি আলমগীর মাহমুদ ও ওসি তদন্ত হাসান ইমামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম শিকলবাহা গ্রামের বাইট্টা গোষ্ঠী কবরস্থান থেকে ১ লাখ ১৫ হাজার পিস বিশাল ওই ইয়াবার চালান আটক করেছিলেন। পরে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলায় মো. মহসিন, মো. হেলাল, মো. সেলিম, মো. আব্দু সালাম, মো.ইউসুফ ও ওসমানসহ ৭জনকে আসামি করা হয়।

মামলায় প্রথম অভিযোগপত্রে ইকবাল আল ফারুকের নাম না আসলেও কক্সবাজার থেকে গ্রেপ্তার মো. মহসিন এর জবানবন্দিতে এই ইয়াবা চালানের মূলহোতা হিসেবে ইকবাল ও আরো একজনের নাম চলে আসে। মানি লন্ডারিং এর অপরাধ থাকায় মামলাটি তখন ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু ডিবি পুলিশ চার্জশিট দিলেও তাতে অদৃশ্য কারণে নাম আসেনি ইকবালের। পরে সম্পূরক অভিযোগপত্রে ইকবালকে আসামি সংযুক্ত করে পুলিশ। ঐ মামলায় ইকবালের বিরুদ্ধে পরোয়ানা জারি হলে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য,কর্ণফুলী থানার রেকর্ড অনুযায়ী এই থানায় এটাই ছিল সবচেয়ে বড় ইয়াবার চালান আটকের ঘটনা।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.