ভোট দিলো দেশের জনগণ, আর বিএনপি নালিশ দিচ্ছেন বিদেশিদের: তথ্যমন্ত্রী
বঙ্গবন্ধুকে নিবেদিত চসিকের অমর একুশে বই মেলার উদ্বোধন
প্রযুক্তি নির্ভর দেশে আমরা যন্ত্র নির্ভর হয়ে পড়েছি। মানুষ প্রচন্ড ভাবে আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে। মানুষ যাতে মানুষ থাকে সেজন্য বই পড়ার কোন বিকল্প নেই। নগরীর ৭০ লাখ মানুষের একটি বই মেলার অভাব ছিলো। আজ সেই কাঙ্ক্ষিত মেলার উদ্বোধন হচ্ছে।
বিল গেটস নিজে তার সন্তানদের স্মার্টফোন তুলে দেননি। কিন্তু আমাদের অভিভাবকরা আজ সন্তানদের স্মার্টফোন তুলে দিচ্ছেন।সন্তানদের স্মার্টফোন ফোন নয়, বই তুলে দেওয়ার জন্য তাগাদা দিন।
নগরীর প্রাণকেন্দ্র এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (১০ ফেব্রুয়ারি-২০) বিকেল পাঁচটায় বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ফেস্টুন উড়িয়ে দ্বিতীয় বারের মতো মেলার উদ্বোধন করেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, সমাজ ব্যবস্থার বাস্তবতায় বই পড়ার মাধ্যমে সমাজকে বিকশিত করতে হবে। ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশকে উন্নত রাষ্ট্র ও মানবিক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, গতকাল দেখলাম ঢাকার সিটি নির্বাচন নিয়ে বিএনপি বিদেশী কুটনৈতিকদের নালিশ দিচ্ছেন। ভোট দিলো দেশের জনগণ, ভোট দিলেন ঢাকাবাসী আর আপনারা নালিশ দিচ্ছেন বিদেশিদের কাছে।
বিএনরি কথায় কথায় বিদেশিদের কাছে ধরনা দিচ্ছেন। এতে আমি বলব দেশের ভাবমূর্তি নষ্ট হয়। বিএনপির প্রতি আমার অনুরোধ দেশের আইন আদালত ও নির্বাচন কমিশনের কাছে নালিশ দিন, বিদেশীদের কাছে নয়।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জাতীয় পতাকা ও মেয়র আ জ ম নাছির উদ্দীন চসিকের পতাকা উত্তোলন করেন। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করে কদম মোবারক সিটি করপোরেশন স্কুলের ছাত্রছাত্রীরা।
চসিক মেয়র আ জ ম নাছির উদ্দিন তার সভাপতির বক্তব্যে প্রধান অতিথির পরামর্শ অনুযায়ী সিটি কর্পোরেশন পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেলায় আমন্ত্রণ জানানো হবে বলে জানান।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। ছুটির দিন সকাল ১০টা থেকে মেলা শুরু হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সহায়তায় ২০দিনব্যাপী এ বইমেলার আয়োজন করেছে। এতে ঢাকা ও চট্টগ্রামের ১৩০টির ও অধিক প্রকাশকের স্টল রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামশুদ্দোহা। বক্তব্য দেন মহি উদ্দিন মিতু, কাউন্সিলর নাজমুল হক ডিউক। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন চসিক শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের একান্ত সচিব মো: আবু হাশেম, চট্টগ্রামের নানা শিক্ষাবিদ, প্রকাশক, বিভিন্ন ওয়াডের সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরবৃন্দসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।