চমক আসতে পারে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে!


আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে প্রয়াত মহিউদ্দীন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলকে মনোনয়ন দিতে চেয়েছিলেন। নওফেল বর্তমানে শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন। তিনি বরং শেখ হাসিনার সঙ্গে থেকে রাজনীতি শিখতে আগ্রহী। মেয়র পদের জন্য তিনি প্রস্তুত নন। এজন্য তিনি শেখ হাসিনার কাছে ক্ষমা চেয়েছেন বলে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

চট্টগ্রামের বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনকে এবার মনোনয়ন দেওয়া হচ্ছে না এটা নিশ্চিত। নানা কারণে তাকে পুনরায় মেয়রপদে মনোনয়ন দিচ্ছে না বলে একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে। মেয়র পদে আওয়ামী লীগের সবচেয়ে পছন্দের ব্যাক্তি ছিলেন নওফেল চৌধুরী। কিন্তু নওফেল জাতীয় রাজনীতি করতে চান। তার পিতার মতো আঞ্চলিক রাজনীতিতে জড়াতে চান না। এ কারণেই তিনি আওয়ামী লীগ সভাপতির কাছে ক্ষমা চেয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় আগ্রহী নন বলে জানিয়েছেন।

একই সূত্র জানিয়েছে যে, নওফেল চৌধুরী আওয়ামী লীগ সভাপতিকে এটাও বলেছেন যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে পরিবর্তন হওয়া দরকার। আ জ ম নাছির আরেকবার মনোনয়ন পেলে আওয়ামী লীগের বিজয় যেমন কঠিন হবে, তেমনি আওয়ামী লীগের মধ্যে কোন্দলও বাড়বে। এইসব বিবেচনা থেকেই তিনি প্রার্থী পরিবর্তনের পক্ষে মতামত দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য যে চট্টগ্রামে আওয়ামী লীগের অবিসংবাদিত নেতা ছিলেন মহিউদ্দিন চৌধুরী। কিন্তু মহিউদ্দিন চৌধুরী সর্বশেষ নির্বাচনে বিএনপি প্রার্থী মঞ্জুরের কাছে পরাজিত হন। এরপরে নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে মনোনয়ন না দিয়ে আ জ ম নাছিরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেই নির্বাচনে নাছির বিপুল ভোটে জয়ী হয়।

সূত্রগুলো বলছে যে আ জ ম নাছির মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই নীতি নির্ধারকদের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়। বিশেষ করে চট্টগ্রাম আওয়ামী লীগকে বিভক্তিকরণ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ার কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বে বিরাগভাজন হন। এ কারণেই তাকে মেয়র পদের জন্য এবার মনোনয়ন দেওয়া হবে না বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের নীতি নির্ধারকরা মনে করছেন যে, চট্টগ্রামের উন্নয়নের জন্য যা যা উদ্যোগ গ্রহণ করা উচিৎ ছিল, সেসব উদ্যোগ গ্রহণে আ জ ম নাছির ব্যর্থ হয়েছেন। তবে আ জ ম নাছির মেয়র হিসেবে দায়িত্ব না পেলে এবং নওফেল যখন মেয়রপদের জন্য আগ্রহীই নন- তখন মেয়র পদের জন্য কাকে মনোনয়ন দেওয়া হবে এ নিয়ে আওয়ামী লীগের মধ্যে জল্পনা-কল্পনা চলছে।

তবে আওয়ামী লীগের একটি সূত্র বলছে যে, আ জ ম নাছিরের পরিবর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আব্দুচ ছালামকে মনোনয়ন দেওয়া হতে পারে বলে জানা গেছে। তবে এটি এখনো চূড়ান্ত নয়। নওফেল যদি শেষ পর্যন্ত নির্বাচন না-ই করে তাহলে চট্টগ্রাম আওয়ামী লীগে হয়ত নতুন কোনো চমক আসতে পারে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.