আমার মা প্রাইমারি স্কুলের গণ্ডি পার না হওয়া সত্বেও তিনি চেয়েছেন মেয়ে এমএ পাস করবে

মহাসমাবেশে সিএমপি পুলিশের অতিরিক্ত কমিশনার আমেনা বেগম


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম নারীদের উদ্দেশ্যে বলেছেন, আমার বাবা আমাকে বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় নিয়ে যেতেন। আমার বাবাকে অনেক লোক অনেক কথা শুনিয়েছেন। আমার মা প্রাইমারি স্কুলের গণ্ডি পার না হওয়া সত্বেও তিনি চেয়েছেন মেয়ে এমএ পাস করবে। আপনারাও মেয়েদের শিক্ষিত করবেন, বাল্য বিয়ে দেবেন না। মেয়েদেরকে স্বাবলম্বী করুন। আর কোথাও নারী নির্যাতনের খবর পেলে ৯৯৯ এ কল দেন এবং মেয়র-কাউন্সিলরকে জানান।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে লালদীঘি মাঠে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও দুর্নীতি প্রতিরোধ মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিয়েতে খরচ কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রামে গরু, ছাগলের জন্য, বরযাত্রীদের চিংড়ি মাছের জন্য মানসিক নির্যাতন করা হয়। এত খরচ করে বিয়ের অনুষ্ঠান না করে গরিবদেরকে ভালোভাবে খাওয়ান। বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে কয়েক’শ মামলা এসেছে বলে তিনি জানান।

বাবা-মায়ের উদ্দেশে আমেনা বেগম বলেন, মা-ই জানেন সন্তানের সকল খবরা-খবর। সন্তান কার সঙ্গে মিশছে, মাদকাসক্ত হয়ে পড়ছে কিনা। আর বাবাদের উচিত সন্তান কোথায় যায় এবং কি করে এসব বিষয়ে খেয়াল রাখা। পিতা মাতা সচেতন হলে চট্টগ্রামে মাদক থাকবে না।

জনতাই পুলিশের দূত উল্লেখ করে তিনি বলেন, সকল জনতাই হচ্ছেন আমাদের দূত। মাদক বিক্রয়ের স্থানের কথা জানতে পারলে আপনারা ৯৯৯ এ কল দিয়ে খবর দেবেন। এখন প্রায় ৭০ লাখেরও বেশি মাদকসেবী এ দেশে এবং প্রতিবেশী দেশ থেকেই এ সকল মাদক আসছে। মাদকের জন্য নিজের বাসার সিলিং ফ্যান বিক্রি করে দিচ্ছে এমন ঘটনাও ঘটছে।

চসিক কাউন্সিলর এইচ এম সোহেলের সভাপতিত্বে মহাসমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর মহাপরিচালক জামাল উদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রহমান ও জেলা প্রশাসক মো ইলিয়াস হোসেন।

মহাসমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, জোবাইরা নার্গিস খান, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.