পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ শাহেদুল ইসলাম নামে এক কলেজছাত্র খুন হয়েছে।
বৃহস্পতিবার (১ জুন) রাত দশটার দিকে উপজেলা ছনহরা ইউনিয়নের আশিয়া বাথুয়া ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহেদুল ইসলাম পটিয়া সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তারা বেশ কয়েক বছর ধরে উপজেলার ছনহরা ইউনিয়নে নানার বাড়িতে থাকছেন।
পটিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, নিহতের মায়ের কাছ থেকে দেনা-পাওনার জের ধরে ১০-১২ জনের একটি গ্রুপ পরিকল্পিতভাবে ছনহরা গ্রামের তার নানার বাড়ির সামনে শাহেদুলকে ছুরিকাঘাতে আহত করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, আমরা রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।