চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে হত্যার হুমকি
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১ জুন) সকাল ৮টা ৪৬ ও ৪৮ মিনিটে দুবার কল করে এ হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।
জেলা প্রশাসন জানায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের ওয়েবসাইটে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের মোবাইল নম্বরে বৃহস্পতিবার সকাল ৮টা ৪৬ মিনিটে +৫৭২৫৮২৪৭৮ নম্বর থেকে একটি কল আসে। কল রিসিভ করার পর ম্যাজিস্ট্রেটকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং গলা কেটে জবাই করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এরপর ৮টা ৪৮ মিনিটে +৮৮০১৯৪২২০৬০৩১ নম্বর থেকে পুনরায় একই ব্যক্তি কল দেন এবং গালিগালাজ শুরু করেন। ম্যাজিস্ট্রেট কথা না বলায় তিনি ১৯ সেকেন্ড পর কলটি কেটে দেন।
জেলা প্রশাসনের নেজারত শাখার ডেপুটি কালেক্টর তৌহিদুল ইসলাম বলেন, অসাধু ব্যবসায়ী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে টানা উচ্ছেদ অভিযানের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তকে হুমকি দেওয়া হয়েছে। তিনি ৩০মে চট্টগ্রামে জামায়াত-শিবিরের আঁতুড়ঘর ইসলামি সমাজ কল্যাণ পরিষদে অভিযান চালান। অভিযানে দীর্ঘদিন ধরে অপদখলে থাকা সরকারি ভিপি সম্পত্তি উচ্ছেদ করে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে আনেন। তাকে হুমকি দেওয়ার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।