আহত সাংবাদিক প্রীতম দাশকে দেখতে গেলেন সাংবাদিক ইউনিয়ন নেতৃবৃন্দরা
দৈনিক ভোরের কাগজ চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার আহত প্রীতম দাশকে দেখতে গেলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) নেতৃবৃন্দরা।
সোমবার (১৫ আগস্ট) দুপুরে নেতৃবৃন্দরা তার চেরাগী পাহাড়স্থ বাসায় তাকে দেখতে যান। তারা প্রীতম দাশের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও ঘটনার বিস্তারিত বর্ণনা শোনেন।
এসময় প্রীতম দাশ বলেন, রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় সিটির নিউ মার্কেট এলাকায় ছাত্র ইউনিয়নের একটি মানববন্ধন কর্মসূচী চলাকালে সেখানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন। এ সময় ছাত্রলীগের এক দল কর্মী সেখানে হামলা চালালে তিনি মোবাইলে ঘটনার ছবি ধারণ করছিলেন। হঠাৎ বেশ কিছু উচ্ছৃংখল ছাত্রলীগ কর্মী তাকে মারধর করে ও মোবাইল ফোন কেড়ে নেয়। সাংবাদিক পরিচয় দেয়ার পরও হামলাকারীরা তার ওপর শারীরিক নির্যাতন চালায়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের হাত থেকে রক্ষায় তারাও এগিয়ে আসেন নি বলে অভিযোগ করেন প্রীতম।
সিইউজেরা নেতৃবৃন্দরা বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিকের ওপর এ ধরণের হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও নিন্দনীয়।’ তারা
অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে তাদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, কর্ণফুলি ইউনিট প্রধান মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।