মিরসরাইয়ে ট্রেন দুর্ঘটনা: গেটম্যানকে আসামি করে মামলা
চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়ায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের নিহতের ঘটনায় ওই রেলক্রসিংয়ের গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে পুলিশের এসআই জহিরুল ইসলাম।
তিনি বলেন, মিরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস দুর্ঘটনায় ১১ জন নিহত হওয়ার পর একটি মামলা দায়ের করা হয়েছে। অবহেলা জনিত হত্যার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। দণ্ডবিধির ৩৩৮ (ক)/৩০৪ (ক)/৪২৭ ধারায় মামলাটি করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (২৯ জুলাই) দুপুরে মিরসরাইয়ে রেললাইন পার হওয়ার সময় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জন যাত্রী নিহত হন। বড়তাকিয়া রেলস্টেশনের কাছে খৈয়াছড়া ঝরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। নিহতদের বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায় বলে জানা গেছে।
ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ।