ঈদুল ফিতরের দিন মুসল্লি সেজে মোবাইল চুরির অপরাধে আটক ৩


পবিত্র ঈদুল ফিতরের দিন নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মুসল্লি সেজে জামাতরত অবস্থায় মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরির অপরাধে মারুফ হাসান (৩৬), মো. ইসমাইল প্রকাশ নিলয় (২৭) ও মো. মনছুর আলম (৪৪) নামের তিনজনকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রবিবার (৮ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোতোয়ালী থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কেনা-বেচার সময় তাদের আটক করে এবং এসময় তাদের কাছ থেকে ১৩টি চোরাই মোবাইল উদ্ধার করা হয় বলে জানান পুলিশ।

সোমবার (৯ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর জানান , আটক তিনজনই সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পর যোগসাজশে মুসল্লি সেজে বিভিন্ন মসজিদে প্রবেশ করেন। এরপর সুযোগ বুঝে মুসল্লিদের পকেট থেকে মোবাইল চুরি করে পরবর্তীতে তা কম দামে বিক্রি করে দেন।

আটক তিনজনই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন তারা ঈদুল ফিতরের দিন নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মুসল্লি সেজে প্রবেশ করে নামাজে জামাতরত মুসল্লিদের কাছ থেকে বেশ কয়েকটি মোবাইল চুরি করেছেন। চুরি করা মোবাইলগুলো রবিবার রাতে ক্রয় বিক্রয়ের সময় মারুফ হাসানকে আটক করে টিম কোতোয়ালী। তার কাছ থেকে চোরাইকৃত চারটি মোবাইল উদ্ধার করে পুলিশ।

আটকের পর জিজ্ঞাসাবাদে মারুফ হোসেন চোর চক্রের আরো কয়েকজনের নাম ঠিকানা প্রকাশ করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নিলয় ও মনছুর আলমকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে আরও ৯টি চোরাই মোবাইল উদ্ধার করে।

আটককৃতরা জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরেই তারা চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.