লোহাগাড়ায় ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৫


চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।

সোমবার (২১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুন। তিনি আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. সিরাজুল ইসলাম জানান, মহাসড়কে মালবাহী ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হারুনুর রশিদ। তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটির ছাত্র এবং আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, লোহাগাড়া থানার আধুনগর বাজারে ডাম্প ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাইভেটকারটি কক্সবাজারের দিকে ও ট্রাকটি চট্টগ্রামের দিকে আসছিল।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত জেলা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে বলেন, লোহাগাড়ায় দুর্ঘটনায় গুরুতর আহত প্রাইভেটকারের এক যাত্রীকে সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.