কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে সততার প্রমাণ দিলেন পুলিশ সদস্য সাইফুর


রাউজান প্রতিনিধিঃ চট্টগ্রামের রাউজানে হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে টাকার মালিক সৈয়দ মোহাম্মদ আলমগীরকে ১৮’ হাজার ৯’শত টাকা ফেরত দিয়ে সততার প্রমাণ দিলেন রাউজান থানার পুলিশ সদস্য সাইফুর রহমান। রোববার (২০ মার্চ) বিকেলে কুড়িয়ে পাওয়া ওই টাকা প্রকৃত মালিককে ফেরত দেন তিনি।

জানা যায়, রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মীর বাড়ির সৈয়দ আহমেদ শাকুরের ছেলে সৈয়দ মোহাম্মদ আলমগীর গত শনিবার রাউজান জলিল নগর থেকে বাসযোগে তাঁর ফার্মেসীর জন্য পাইকারী দামে ঔষধ কেনার জন্য ১৯ হাজার ৯শত টাকা নিয়ে বের হন। নগরীর মুরাদপুর নেমে কিছুপথ অতিক্রম করার পর তার কাছে থাকা টাকাগুলো না পেয়ে বাড়ি ফিরে যান। ওইদিন চট্টগ্রাম নগরীর পুলিশ সুপারের কার্যালয়ে জরুরী ডাক প্রেরণের জন্য যাচ্ছিলেন পুলিশ সদস্য সাইফুর রহমান। তিনি নামার সময় গাড়িতে টাকাগুলো পেয়ে গাড়ি চালককে টাকা প্রাপ্তির কথা অবহিত করে তার ব্যবহৃত মোবাইল নম্বর প্রদান করেন। পরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবহিত করে স্ট্যাটাস দেন। স্ট্যাটাস পেয়ে প্রকৃত মালিক সৈয়দ মোহাম্মদ আলমগীর ফোন করে উপযুক্ত প্রমাণ দেন। বিকেল ৫টায় থানায় যেতে বললে প্রকৃত মালিক থানায় গেলে টাকাগুলো ফিরিয়ে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া টাকা ফেরত পেয়ে আলমগীর বলেন, আমার অনেক কষ্টার্জিত অর্থ ফার্মেসীর এ মূলধন। টাকা গুলো ফেরত পেয়ে আমি খুব আনন্দিত। আমাদের সমাজে এখনো ভালো মানুষ আছে তার বাস্তব প্রমাণ পেলাম।

পুলিশ সদস্য সাইফুর রহমান বলেন, টাকাগুলো পাওয়ার পর থেকে প্রকৃত মালিককে ফেরত দেওয়ার জন্য প্রচেষ্টায় ছিলাম। কুড়িয়ে পাওয়া টাকাগুলো প্রকৃত মালিককে দিতে পেরে খুব ভালো লাগছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.