বান্দরবানের রুমায় গোলাগুলিতে নিহত ৪
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: বান্দরবানের রুমার পাইন্দুতে ৫ই মার্চ শনিবার রাতে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটেছে। ৬ই মার্চ রবিবার সকাল ১১টায় রোয়াংছড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তীরে অজ্ঞাত নামা চার জনের গুলিবিদ্ধ লাশ দেখতে পাওয়ার খবর পাওয়া যায়। রবিবার তাদের লাশ দেখতে পায় স্থানীয়রা পরে তারা পুলিশকে খবর দেয়।
পুলিশ ও স্থানীয়দের দেয়া তথ্যমতে, শনিবার রোয়াংছড়ির তালুকদার পাড়ার কাছে পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএস মূল দলের নেতা অনুমংকে হত্যা করে লাশ নিয়ে যায় আরেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। জেএসএস মূল দলের সন্ত্রাসীরা পরবর্তীতে শনিবার রাতে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রুপের ওপর হামলা চালিয়ে তাদের লাশ নৌকায় করে এনে রোয়াংছড়ির মংবাতং পাড়ার নদীর পাড়ে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।
তাছাড়া ইউনিয়নের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, আমিও স্থানীয়দের কাছ হতে শুনেছি নদীর পাড়ে অজ্ঞাত ৪ টি লাশ পড়ে থাকার ব্যাপারে।
বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার বলেন, বান্দরবানের রুমার পাইন্দু ইউনিয়নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সকালে রোয়াংছড়ির নদীর পাড়ে চার জনের লাশ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।