রাউজানের শীর্ষ সন্ত্রাসী আজিজ গ্রেপ্তার
চট্টগ্রামের রাউজানের আজীজ বাহিনীর প্রধান শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দীন ওরফে আজিজ্যাকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার (১১ জানুয়ারি) রাতে আকবর শাহ থানার এ কে খান এলাকা থেকে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে পাসপোর্ট, ব্যাংকের চেকবই, দড়িসহ বেশকিছু আলামত জব্দ করা হয়।
আজিজ রাউজান থানার হরিষখান গ্রামের বজল আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, ২০১৫ সালের রাউজান-রাঙামাটি সড়কের ছারা বাটতল এলাকায় যুবলীগ কর্মী শহিদুল আলমকে (৩৫) গুলি করে হত্যা করে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনার পর এ মামলায় এক নম্বর আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজ উদ্দিনসহ হত্যায় জড়িতরা বিদেশে পালিয়ে যায়। বিদেশ থেকেই আজিজ তার বাহিনীকে পরিচালনা করতো। এ ঘটনায় র্যাব জড়িতদের গ্রেপ্তারে দীর্ঘদিন গোয়ন্দা নজরদারি করে আসছে।
তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৫টায় নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে আজিজকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে অজিজ। এছাড়াও আজিজ রাউজানসহ নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে রাউজানসহ জেলার বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। আজ তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।