মহিউদ্দিন চৌধুরী জীবদ্দশায় একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত ছিলেন: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী মাটি ও মানুষের নেতা ছিলেন। জনগণকে ভালোবাসতেন। তাদের আশা-আকাক্সক্ষার কথা জানতেন। তিনি ছিলেন একজন আপাদমস্তক সৃজনশীল রাজনীতিক। মৃত্যুর পরও তিনি মহীয়ান। তিনি জীবদ্দশায় একজন কর্মীবান্ধব নেতা হিসেবে সুপরিচিত ছিলেন।
বুধবার (১৫ ডিসেম্বর) এবিএম মহিউদ্দিন চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এই স্মরণসভার আয়োজন করে মহানগর আওয়ামী লীগ।
মাহাবুব উল আলম হানিফ বলেন, আজ মহিউদ্দিন চৌধুরী নেই সত্যি, কিন্তু ওনার স্মরণসভায় এসে অগণিত নেতাকর্মীর সান্নিধ্য পেয়ে মহিউদ্দিন ভাইকে খুঁজে পাই। মহিউদ্দিন চৌধুরী জাতীয় নেতা হতে পারতেন, মন্ত্রী হতে পারতেন, এমপি হতে পারতেন। জননেত্রী শেখ হাসিনা মহিউদ্দিন ভাইকে ঢাকায় এসে কেন্দ্রীয় পদ-পদবি দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি সম্মানের সহিত বলেছিলেন- ‘চট্টগ্রাম আমার প্রেম, চট্টগ্রাম আমার ভালোবাসা, এই নগরীর ধুলিকণার সাথে থেকে আমি বাকী জীবন কাটিয়ে দিতে চাই’।
বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ও এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, আমার বাবার ঋণ কোনো দিন শোধ হবে না। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আমার বাবার মৃত্যুবার্ষিকীতে যে আয়োজন করেছে তার জন্য আমি মহানগর আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানাই। আজ যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সকলেই বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী। বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে দেশকে ভালোবাসতে হবে।
সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, তিনি আমার বাবার ভাবশিষ্য ছিলেন। ছোটবেলা থেকেই মহিউদ্দিন চৌধুরীকে সামনে থেকে দেখা ও জানার সুযোগ হয়েছে। রাজনীতি পাগল এই মানুষটি এক মুহূর্তের জন্য রাজনীতি হতে বিচ্যুত হননি।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী ব্যক্তি নয়, প্রতিষ্ঠান। তিনি আমাদেরকে আমৃত্যু সাহস যুগিয়েছেন অন্যায় ও অবিচারের বিরুদ্ধে।
মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ও রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা শফর আলী, সম্পাদক মণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চন্দন ধর প্রমুখ।