পৌর এলাকার ৯নং ওয়ার্ডে অবাধে চলছে পাহাড় কেটে ঘর নির্মাণ
মোঃ শহীদুল ইসলাম রানা, বান্দরবান জেলা প্রতিনিধি: প্রতি বছর বর্ষা মৌসুমে অতি বৃষ্টির কারণে পাহাড়ের মাটি সরে গিয়ে অনেক বসতবাড়ি ভাঙ্গনের মুখে পড়ে ঘটে প্রাণহানীর মত বড় দুর্ঘটনা ঘটছে। অনিয়ন্ত্রিত পাহাড় কাটার ফলে ঘটছে পরিবেশ বিপর্যয় সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
পরিবেশ বিপর্যয় ও অনিয়ন্ত্রিত পাহাড় কাটা বন্ধের জন্য জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর এর পক্ষ হতে বেশ কিছু অভিযান পরিচালিত হয়েছে। করা হয়েছে জরিমানা। তারপরেও কিছু মানুষ প্রশাসনের নিয়ম, অনুমতি ছাড়া নিজের ইচ্ছে মত প্রতিনিয়ত কাটছে পাহাড়। এতে যেমনি ঘটছে পরিবেশ বিপর্যয় তেমনি সৃষ্টি হচ্ছে পাহাড় ধসের আশঙ্কা
ধারাবাহিক প্রতিবেদনের আলোকে বান্দরবান পৌরসভার ৯ নং ওয়ার্ড এর ইসলামপুর, লাঙ্গিপাড়া, টাংকির পাহাড়, আবুল নগর,আমতলি সহ আসপাশের বেশ কিছু পাহাড়ি এলাকায় প্রশাসনের নজরদারির তোয়াক্কা না করে পৌরসভা কিংবা প্রশাসনের অনুমতি ছাড়াই কাটছে পাহাড়।
পাহাড় কাটা প্রসঙ্গে টাংকির পাহাড় এলাকার মোঃ ইয়াসিন ও তার স্ত্রী কে প্রশ্ন করা হলে তারা প্রতিবেদক কে বলে আমরা নিজেরা থাকার জন্য পাহাড়ের মাটি কেটেছি কিন্তু প্রশাসনের কোন অনুমতি পত্র আমাদের কাছে নেই।
একই এলাকার মোঃ নাছিরের স্ত্রী জাহিদা লোক চক্ষুর আড়ালে লেবার দিয়ে তার বসত বাড়ির পাশের মাটি কাটাচ্ছে এবং কাটা মাটি প্রাকৃতিক ভাবে সৃষ্ট ঝিরিতে ফেলছে তাদের কাছেও প্রশাসনের কোন অনুমতি পত্র নেই।
এ ব্যাপারে একই এলাকার বাসিন্দা মোঃ এনাম বলেন, কয়েকটি পরিবার প্রায় প্রতিদিন মাটি কাটছে তারা আমাদের কোন নিষেধ মানতে চায় না। উল্টো আমাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ দিয়ে ফাসানোর হুমকি দেয়।
লাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা রোজিনা আক্তার
প্রতিবেদক কে জানান, তার পার্শ্ববর্তী জায়গায় আয়েশা বেগম জায়গা কিনে সেই জায়গা কেটে প্রায় ২০ ফুট নিচে নিয়ে গেছে যার ফলে তার বসতবাড়ি এখন হুমকির মুখে। বিবাদের ভয়ে কাউকে অভিযোগ দিতে যাচ্ছেন না, স্থানীয় কাউন্সিলরকে অভিযোগ দিলেও তারা এর কোন প্রতিকারের ব্যবস্থা হাতে নিচ্ছেন না। অতি বৃষ্টি পড়লে আমরা খুবই ভয়ের মধ্যে থাকি।
অপরিকল্পিত ভাবে পাহাড় কাটার ফলে বৃষ্টির পানির স্বাভাবিক প্রবাহের রাস্তা পরিবর্তন হচ্ছে যার ফলে পাহাড় ধসে পড়ছে এবং পাহাড়ি ধসে কাটা মাটি রাস্তায় এসে জনসাধারণের চলাচলের রাস্তায় পড়ছে।জনভোগান্তির এই চিত্র এলাকার প্রায় সর্বত্র।
পাহাড় কাটা বিষয়ে পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট মোঃ আবদুস সালাম বলেন, আমরা প্রতিনিয়তই এ ধরনের অনেক অভিযোগ পাই এবং অভিযুক্ত ব্যাক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা ও জরিমানা করি। অনেক এলাকাতে আমাদের নজরদারি না থাকার সুযোগে কিছু অসাধু মানুষ আইনের তোয়াক্কা না করে পাহাড় কাটে। এভাবে যদি প্রতিনিয়তই নিয়মের তোয়াক্কা না করে পাহাড় কাটা হয় তাহলে ঘটতে পারে পরিবেশ বিপর্যয় সহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এ বিষয়ে পৌরসভা,স্থানীয় প্রশাসনের নজরদারি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরী।