হেফাজতের তাণ্ডবে বিএনপি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত: কাদের


হেফাজতে ইসলামের তাণ্ডবে বিএনপি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত, তা আজ সবাই জানে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, হেফাজতে ইসলাম সম্প্রতি যে তাণ্ডবলীলা চালিয়েছে তার শুধু পৃষ্ঠপোষকতাই নয় বরং এসব সহিংস ঘটনায় জড়িত ছিল বিএনপি।

ওবায়দুল কাদের মঙ্গলবার সকালে রাজশাহী সড়ক জোন,বিআরটিসি, বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

কোনো দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেফতার করা হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেফতার করা হয়েছে।

বিএনপি এক যুগের বেশি সময় ধরেই আন্দোলনের হাঁক-ডাক দিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা শুধু আন্দোলনই নয়, জাতীয় ও স্থানীয় নির্বাচন এবং উপনির্বাচনে নির্লজ্জ ভরাডুবিই প্রমাণ করে জনগণ থেকে কারা জনবিচ্ছিন্ন।’

তার দাবি, বিএনপির গণতন্ত্র মানে ১৫ ফেব্রুয়ারির ভোটারবিহীন নির্বাচন, মাগুরা, ঢাকা -১০ আসনের উপনির্বাচন আর এক কোটি তেইশ লাখ ভুয়া ভোটার।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সেবা গ্রহীতাদের কাছে বিআরটিএকে গ্রহণযোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে।

তিনি বর্ষার আগেই নির্মাণাধীন কাজ এগিয়ে নিতেও সংশ্লিষ্টদের তাগিদ দেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.