আনোয়ারায় আশরাফ হত্যার প্রতিবাদে বিক্ষোভ
আনোয়ারায় ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) হত্যায় জড়িতদের গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আনোয়ারা ছাত্র সমাজ।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে আনোয়ারা সরকারি কলেজ ও আনোয়ারা আদর্শ মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৯ এর শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে আনোয়ারা সদরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় তারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ছৈয়দ ওমরের কাছে স্মারকলিপি তুলে দেয়।
সমাবেশে বক্তারা আশরাফের খুনি নয়ন সরকার সহ অভিযুক্ত প্রত্যেকের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি এবং প্রধানমন্ত্রী ও ভূমিমন্ত্রী কাছে সুষ্ঠু বিচারের দাবি করেন ।
ক্ষোভ প্রকাশ করে আশরাফের সহপাঠীরা আরো বলেন, আশরাফ হত্যায় ৪দিন পেরিয়ে গেলেও জড়িতদের মধ্যে প্রধান আসামী নয়ন সরকারকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নেওয়া হয়নি দক্ষিণ জেলা ছাত্রলীগ থেকে কোন সিদ্ধান্ত। যদি আসামীদের অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যাবো।
উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ আশরাফ চৌধুরী ইমন (১৯) নামের এক কলেজ ছাত্রকে গত (১৯ ফেব্রুয়ারি) শুক্রবার রাত সাড়ে ০৭ টার দিকে আনোয়ারা উপজেলার মা কমিউনিটি সেন্টারের সামনে ছুরিকাঘাতে খুন করা হয়।
গত শনিবার আশরাফের বাবা মো. আবদুল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের উপ স্কুলছাত্র বিষয়ক সম্পাদক নয়ন সরকারকে প্রধান আসামি করে পাঁচজনের বিরুদ্ধে আনোয়ারা থানায় মামলা করেন।