কমিউনিটি সেন্টার চালু করার অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি


চট্টগ্রামের কমিউনিটি সেন্টার সমূহ পুনরায় চালু করার অনুমতি চেয়ে কমিউনিটি সেন্টার মালিক সমিতির পক্ষে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান।

ঐহিত্যবাহী চট্টগ্রামের সামাজিক অনুষ্ঠান সমূহের জন্য কমিউনিটি সেন্টার সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চট্টগ্রাম কমিউনিটি সেন্টার সমূহে এলাকার জনসংখ্যা বৃদ্ধির কারণে মানুষ মাথা গুজার ঠাঁইয়ের সন্ধানে সর্বত্র আবাসিক এলাকা গড়ে তোলায় মানুষের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি যেমন বিয়ে, বৌভাত, গায়ে হলুদ, মেজবান, বিভিন্ন ধরণের সভা, সেমিনার, ব্যাংক ও বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানাদি সম্পন্ন করার জন্য কমিউনিটি সেন্টারের আবশ্যকতা রয়েছে বিধায় এলাকার সচেতন নাগরিক উপরোক্ত বিষয় চিন্তা করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকা খরচ করে কমিউনিটি সেন্টার স্থাপন করেছে।

কোভিড-১৯ এর কারণে বিগত মার্চ-২০২০ এর প্রথম থেকে সরকারি নির্দেশ মোতাবেক কমিউনিটি সেন্টারগুলি বন্ধ করা হয়। উক্ত কমিউনিটি সেন্টারগুলো কোভিড-১৯ এর আইসোলেশন সেন্টার, পুলিশ প্রশাসনকে থাকার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিকগণ দীর্ঘদিন থেকে কমিউনিটি সেন্টারের মাধ্যমে ঐতিহ্যবাহী বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদি সুসম্পন্ন করার ক্ষেত্রে সামাজিক দায়িত্ব সুচারুভাবে পালন করে আসছে।

কমিউনিটি সেন্টারের কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার মালিক, কর্মকর্তা, কর্মচারী, বার্বুচি, বয় সহ বিভিন্ন স্তরের লোকজন নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। দেশব্যাপি করোনা ভাইরাস এর প্রকোপ রোধকল্পে সতর্কমূলক ব্যবস্থা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিগত ১৯ মার্চ ২০২০ ইং তারিখে কমিউনিটি সেন্টার সমূহের সামাজিক অনুষ্ঠান সমূহ পরিচালনার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।

সরকারি সিদ্ধান্ত মতে চট্টগ্রাম কমিউনিটি মালিক সমিতি তাদের ব্যবসা সম্পূর্ণ বন্ধ রাখে। যাহা অদ্যাবধি বন্ধ রয়েছে। কোভিড ভাইরাস কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে কমিউনিটি সেন্টার মালিকগণ তাদের কমিউনিটি সেন্টার সমূহ বিনামূল্যে আইসোলেশন সেন্টার খোলার এবং পুলিশ বাহিনীর সদস্যদের থাকার ব্যবস্থা করা হয়েছে। কোভিড ভাইরাস বিস্তার রোধ করার জন্য কমিউনিটি সেন্টার সমূহের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখা হইলে নগরীর চাইনিজ রেস্তোরা সমূহ বা বাসা বাড়ীর ছাদে গাদাগাদি করে স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বিবাহ অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠান অহরহ হচ্ছে।

অথচ সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে বিশাল পরিসরে জায়গা সম্বলিত কমিউনিটি সেন্টারে বিয়ে সহ সকল সামাজিক অনুষ্ঠান আয়োজন করা সম্ভব। দীর্ঘদিন যাবৎ কমিউনিটি সেন্টার বন্ধ থাকার ফলে একদিকে মালিকপক্ষ অপূরণীয় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে, অপরদিকে কমিউনিটি সেন্টারের সাথে সম্পৃক্ত হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী, বার্বুচি, বয় এবং তাহাদের সহযোগিবৃন্দ আর্থিক সংকটের কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে।

তাছাড়া কমিউনিটি সেন্টার সমূহের জমিদারদের লক্ষ লক্ষ টাকা মাসিক ভাড়া বকেয়া থাকার কারণে ভূমি কর্তৃপক্ষের সাথে কমিউনিটি সেন্টারের মালিকপক্ষের সাথে বিরোধের জের ধরে বিভিন্ন মামলা মোকদ্দমার উদ্বেগ দেখা দিয়েছে এবং রাষ্ট্রবহু রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। কমিউনিটি সেন্টারের ব্যবসার মালিক, কর্মকর্তা-কর্মচারী, বার্বুচি, বয় যেমন জড়িত তেমনি ভাবে ভিডিও সেন্টার, ফটোগ্রাফী, ইভেনম্যানেজমেন্ট, মাংস, মুরগী, সব্জি ও মুদির ব্যবসায়ীসহ অসংখ্য পেশার লোকের রুজি রোজগার এর প্রশ্ন জড়িত।

ইতিমধ্যে মালিক কর্মকর্তাসহ কমিউনিটি সেন্টারের সাথে সম্পৃক্ত বিভিন্ন পেশার লোক মানববন্ধন, মতবিনিময় সভার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে। ইতিমধ্যে সরকারের সিদ্ধান্ত মোতাবেক গত ৩১ মে ২০২০ হতে স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী অফিস আদালত ব্যাংক বিমা সহ বিভিন্ন প্রতিষ্ঠান চালু করার নির্দেশ প্রদান করেছে। অথচ স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে হলেও কমিউনিটি সেন্টার চালু করার ব্যাপারে সরকারিভাবে কোন সিদ্ধান্ত প্রদান করা হয় নাই। বর্তমানে দেশের মানুষ এক দু:সহ জীবন যাপন করছে। দীর্ঘ দিন হতে কমিউনিটি সেন্টার বন্ধ থাকায় এই শিল্প ধ্বংস হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

কমিউনিটি সেন্টারের মালিকদের অপূরণীয় আর্থিক ক্ষতির কথা চিন্তা করে এবং কমিউনিটি সেন্টারের হাজার হাজার কর্মকর্তা, কর্মচারী ও বয়দের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি রক্ষা করে স্বল্প পরিসরে কমিউনিটি সেন্টার সমূহ খুলে দেওয়ার জন্য জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপ কামনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো: সাইফুদ্দিন চৌধুরী দুলাল, উপদেষ্টা ও প্যানেল মেয়র অধ্যাপক নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, সহ-সভাপতি মো: আবদুল মালেক, আলহাজ্ব মো: আবদুল্লাহ, মো: গিয়াস উদ্দিন, এস এম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক কুমার রাজেন দাশগুপ্ত, সহ সাধারণ সম্পাদক মো: সেলিম, অরুন দেবনাথ, মাসুদ প্রমুখ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.